নিজস্ব প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির চরম অপব্যবহার করে এক আর্জেন্টিনা সমর্থকের ছবিতে জোরপূর্বক ব্রাজিলের জার্সি বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই পৈশাচিক ডিজিটাল জালিয়াতির শিকার হয়ে ক্ষুব্ধ এক যুবনেতা সোমবার যশোরের কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওই যুবকের নাম অহিদুর রহমান অন্তু, যিনি কেশবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার মূলগ্রাম এলাকার মশিয়ার রহমানের ছেলে। অন্যদিকে, এআই দিয়ে এই প্রযুক্তিসন্ত্রাস চালানো অভিযুক্ত যুবকের নাম রাসেল বাবু, সে একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগে ছাত্রদল নেতা অহিদুর রহমান উল্লেখ করেন, তিনি জ্ঞান হওয়া অব্দি আর্জেন্টিনার একজন একনিষ্ঠ ও কট্টর সমর্থক হিসেবে পরিচিত। কিন্তু রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসার জেরে অভিযুক্ত রাসেল বাবু তাকে সামাজিকভাবে হেয় করতে এআই প্রযুক্তি ব্যবহার করে তার আসল ছবিতে ব্রাজিলের জার্সি বসিয়ে দেয়।
সম্পাদিত ও জালিয়াতি করা ওই বিকৃত ছবিগুলো রাসেল বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে প্রচার করে আসছিল। এই ঘটনা জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল নেতা অহিদুর রহমান বলেন, “একজন নিবেদিত আর্জেন্টিনা সমর্থক হিসেবে এ ধরনের কাজ আমার জন্য চরম মানহানিকর এবং এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের স্পষ্ট লঙ্ঘন।”
এদিকে বর্তমান বিএনপি সরকারের আমলে তৃণমূলের নেতাকর্মীদের আইনি অধিকার সুনিশ্চিত করার অংশ হিসেবে পুলিশ এই অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সত্যতা যাচাই করে অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
