নিজস্ব প্রতিনিধি : বিশ্ব ফুটবলের মেগা আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ এর মঞ্চে অনন্য এক ইতিহাস গড়লেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও জনপ্রিয় সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বকাপের অফিশিয়াল কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড সেনসেশন নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে দুর্দান্ত পরিবেশনা করে বিশ্ববাসীর নজর কেড়েছেন তিনি।
শুক্রবার টরন্টোতে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের আগে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডায় অনুষ্ঠিত এই আয়োজনটি ফুটবল উৎসবের রঙে এক নতুন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শুরুতেই কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি ও দীর্ঘ ঐতিহ্যের প্রতি গভীর সম্মান জানানো হয়। এরপর কানাডীয় সংগীতশিল্পী উইলিয়াম প্রিন্স তার ঐতিহ্যবাহী সঙ্গীত ও মনমুগ্ধকর নৃত্যের সমন্বয়ে একটি বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।
উদ্বোধনী উৎসবের মূল আকর্ষণ ছিল বলিউড তারকা নোরা ফাতেহি, আন্তর্জাতিক সংগীতশিল্পী ভেভেড্রিম এবং বাংলাদেশের সন্তান সঞ্জয়ের যৌথ পারফরম্যান্স। আন্তর্জাতিক এই মঞ্চে তাদের চোখধাঁধানো পরিবেশনা গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক ও ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশ্বমঞ্চে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো শিল্পীর এমন উপস্থিতি দেশের ফ্যাশন ও সৃজনশীলতাকেও এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
