মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হলের একটি কক্ষের তালা ভেঙে নগদ ৮৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
ঈদের ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করার সুযোগে সংঘটিত এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জাহেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি আল-বেরুনী হলের বি ব্লকের ৪১৪ নম্বর কক্ষে থাকেন।
জাহেদের ভাষ্য অনুযায়ী, গত ২৫ মে রাত ৮টার দিকে তিনি ঈদের ছুটি কাটাতে বাসার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন।
দীর্ঘ ছুটি শেষে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৭টায় হলে ফিরে এসে তিনি দেখতে পান, তার কক্ষের দরজার তালা ভাঙা। পরে রুমে প্রবেশ করে দেখেন, তার ব্যক্তিগত ট্রাংকের তালাও ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে সংরক্ষিত নগদ ৮৩ হাজার টাকা নেই।
তবে বিস্ময়কর বিষয় হলো, কক্ষে থাকা ল্যাপটপ, একাডেমিক সার্টিফিকেট, বিছানাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী অক্ষত ছিল। চোর শুধুমাত্র নগদ অর্থ নিয়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
এ বিষয়ে জাহেদ বলেন, “প্রথম বর্ষ থেকে টিউশনি করে অল্প অল্প করে টাকাগুলো জমিয়েছিলাম। ভবিষ্যতের প্রয়োজন ও সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই অর্থ সঞ্চয় করে রেখেছিলাম। পরিবারের ওপর আর্থিকভাবে নির্ভরশীল না হওয়ায় এই টাকাই ছিল আমার প্রধান ভরসা। এক মুহূর্তে বহু বছরের কষ্টের সঞ্চয় হারিয়ে ফেলেছি। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি।”
ঘটনার পর তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। একই সঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।
