নিউ ইয়র্কের জ্যামাইকায় জ্যামাইকা যুবলীগ কর্মীদের উদ্যোগে যুক্তরাষ্ট্র যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মো: সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সাথে এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবলীগ ও জ্যামাইকা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত ২৫ মে ২০২৬ নিউ ইয়র্কের জ্যামাইকার একটি পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বক্তারা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইমরুল কায়েস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আসাদ সুমন, মোস্তাফিজুর রহমান লিটন, তালুকদার সামসুদ্দোহা ডন, প্রশান্ত মল্লিক অয়ন ও জুলফিকার আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিতাই পাল।
বক্তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুবলীগের নেতাকর্মীরা সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। আগামী দিনেও সংগঠনের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জ্যামাইকা যুবলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। উক্ত সভায় বাংলাদেশের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের জন্য অর্থ সংগ্রহ, রাজপথে অবস্থান ও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় সভার সমাপ্তি ঘটে।
