নিজস্ব প্রতিবেদক: দেশের চার জেলায় পৃথক সহিংসতার ঘটনায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ চারজন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে সিলেটে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। এ ছাড়া টাঙ্গাইল ও নরসিংদীতে ঘটেছে আরও দুটি হত্যাকাণ্ডের ঘটনা।
রাউজানে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের রাউজান পৌরসভায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে (৭০) গরুচোর সন্দেহে ইটভাঙার যন্ত্রের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মৌসুমি গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে। গতকাল সোমবার ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ গত এক সপ্তাহ ধরে এলাকায় ঘোরাঘুরি করছিলেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন। ভোরে গরুর শেডের পাহারাদাররা চোর সন্দেহে তাঁকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পাশের একটি মাঠে ফেলে যায়। দুপুরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান জানান, জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ রায়হান (৩২) ও জয়নাল আবেদিন (৫০) নামে দুজনকে আটক করা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ দেখে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
গোলাপগঞ্জে নববধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঝুমকি দেব (২৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত ৯ মার্চ হেতিমগঞ্জের চঞ্চল দাসের সঙ্গে ঝুমকির বিয়ে হয়েছিল। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই চঞ্চল ঝুমকির ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। ঝুমকির চাচা উজ্জ্বল দেব দাবি করেন, তাঁর ভাতিজিকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছাদের পানি নিয়ে বিরোধে ভাইয়ের কোদালে ভাই খুন
টাঙ্গাইলের মির্জাপুরে ছাদের পানি ধানে পড়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে খুরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই ভাই একতলা ভবনের ছাদে ধান শুকাতে দিয়েছিলেন। বৃষ্টি নামার পর খুরশেদ আলম ছাদের জমে থাকা পানি পরিষ্কার করার সময় ছোট ভাই রমেজ মিয়া অভিযোগ করেন যে তাঁর ধানে পানি যাচ্ছে। এই নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে রমেজ তাঁর বড় ভাইয়ের বুকে কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা
নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও একজন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, একটি পোলট্রি ফার্মের কর্মচারী রাসেলের ডাকে তারা সেখানে যায়। পরে অনৈতিক কাজের পর আর্থিক লেনদেন নিয়ে বনিবনা না হওয়ায় তর্কাতর্কির জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে রাসেল পলাতক। রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
