নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দোকানে খাবার কিনতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশু পাশবিক দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি দোকানে খাবার কিনতে যায়। এ সময় অভিযুক্ত আফরোজ মিয়া (৩৫) ও তার অজ্ঞাতনামা এক সহযোগী মিলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে।
এদিকে ঘটনার পর পরেই স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিষয়টি ধামাচাপা দিতে এবং আইনগত পদক্ষেপ থেকে অপরাধীদের বাঁচাতে আপস-মীমাংসার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় ভুক্তভোগী শিশুর বাবা বাড়িতে না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে সোমবার দুপুরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই বিষয়ে এখনও কোনো লিখিত মামলা দায়ের করা না হলেও ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ স্বপ্রণোদিত হয়ে ছায়াতদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
