নিজস্ব প্রতিবেদক: পুলিশের হাতে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও দলটির যুব সংগঠন যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল রবিবার রাতে এই দুই রাজনৈতিক নেতাকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল রবিবার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রবিবার সন্ধ্যায় ঝিনাইদহের ‘ফ্যামিলি জোন’ নামের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা। সে সময় নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রথমে তাঁকে হেফাজতে নিলেও পরে পুরোনো সুনির্দিষ্ট মামলা থাকায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, একই সময়ে যশোর থেকে গ্রেপ্তার হওয়া যুবশক্তির অপর নেতা অয়ন রহমানকেও আদালতে হাজির করা হয়। পুলিশের দাবি, অয়নকে কোনোভাবেই গুম করা হয়নি; বরং গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই আইন মেনে তাঁকে আদালতে তোলা হয়েছে এবং গ্রেপ্তারের বিষয়টি তাঁর বাবা, মা ও বোনকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে অয়নকে গুম করার যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যখন তাঁকে গ্রেপ্তার করে, তখন থেকেই তাঁর পরিবার পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল।
ঝিনাইদহে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা এবং ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।
