নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ. সোমবার (৪ মে) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে. এর আগে রোববার বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে.
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন. তিনি জানান, রোববার (৩ মে) সংবাদ পেয়ে পুলিশ ওই শিক্ষার্থী ও তার পরিবারকে দ্রুত থানা হেফাজতে নেয়. এ ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়.
শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে. বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে. পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে.
