সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সকল কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ গত রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন।
রিট আবেদনে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া, এসব বিষয়ে একটি কমিশন গঠন করে বিস্তারিত অনুসন্ধান চালানোর আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার আবেদন করা হয়েছে রিটে।
রিটকারী আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ সোমবার (৪ মে) গণমাধ্যমকে রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। এই রিটে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগেও এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন, যা হাইকোর্ট খারিজ করে দেন। পরবর্তীতে ২০২৪ সালের ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের সেই রায় বহাল রেখে রিটকারীর লিভ টু আপিলটি পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এক বিশেষ রেফারেন্সের মাধ্যমে মতামত দিয়েছিলেন যে, সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন।
