নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে পুলিশ আটক করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা. রোববার দুপুর ১২টার দিকে শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে. রেজাউল কাইয়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন.
আটকের সংবাদ ছড়িয়ে পড়লে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়. বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা টার্মিনাল অবরোধ করেন, যার ফলে বিকেল পর্যন্ত ওই এলাকা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকে. বিক্ষুব্ধ শ্রমিক ও নেতা-কর্মীরা প্রিয় নেতাকে ছাড়িয়ে নিতে অনড় অবস্থানে রয়েছেন.
একই সময়ে শত শত নেতা-কর্মী ও পরিবহন শ্রমিক কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন. উত্তেজিত নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জেলের তালা ভেঙে নেতাকে ছিনিয়ে আনার ঘোষণা দেন. পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থানার প্রধান ফটক আটকে দেয় এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে. বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত ছিল.
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে. তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে তাকে কেবল জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং এখনও গ্রেপ্তার দেখানো হয়নি. অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকও জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিস্তারিত পরে জানানো হবে বলে জানান.
