মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর সাথে অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে।
গত ২৭ এপ্রিল ঘটা এই দুঃখজনক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের মানবিক পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, দর্শন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী নিপা আক্তার পায়ে গুরুতর আঘাত নিয়ে রিপোর্ট সংগ্রহ করতে মেডিকেল সেন্টারে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকের চেম্বারে নিপাকে আগে ডাকা নিয়ে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন অফিসে কর্মরত এক স্টাফের সাথে চিকিৎসকের বাগবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই স্টাফ চিকিৎসকের সাথে উচ্চস্বরে কথা বলেন এবং শিক্ষার্থীর বিশেষ চাহিদার বিষয়টিকে তোয়াক্কা না করে অত্যন্ত অশোভন আচরণ করেন।
অভিযোগ রয়েছে যে, ওই স্টাফ এক পর্যায়ে চিকিৎসককে হুমকি প্রদান করেন এবং নিপা আক্তারকে চেম্বার থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী নিপা আক্তার এই ঘটনায় মর্মাহত হয়ে বলেন, “যে ব্যবহারটা স্টাফটি ডক্টরের সঙ্গে বা আমার সঙ্গে করেছে, তা যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে না হয় এটাই আমার একমাত্র চাওয়া”।
সাধারণ শিক্ষার্থীরা বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধের পরিপন্থী হিসেবে উল্লেখ করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থীকে এমন অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয় এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ বজায় থাকে।
