নিজস্ব প্রতিনিধি :
চলতি বছরের এপ্রিল মাসে সারাদেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে ৪৯টি গণপিটুনির ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এবং ৪৯ জন গুরুতর আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে ৩৬টি গণপিটুনির ঘটনায় ১৯ জন নিহত ও ৩১ জন আহত হয়েছিলেন, যা এপ্রিল মাসে আরও বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ২১ জন ও ফেব্রুয়ারিতে ১৮ জন গণপিটুনিতে নিহত হন, যা জনমনে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
এমএসএফ মনে করছে, এভাবে আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা স্পষ্টত ফৌজদারি অপরাধ এবং এটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবেই গণ্য। গণপিটুনির এই বিস্তার দেশের আইনের শাসনের দুর্বলতাকে জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এপ্রিলে নিহতদের মধ্যে ৩ জনকে হত্যার অভিযোগে, ৭ জনকে চুরির অভিযোগে এবং ৭ জনকে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে পিটিয়ে মারা হয়েছে। এছাড়া ডাকাতি, জমি সংক্রান্ত বিরোধ এবং কটূক্তির অজুহাতেও একাধিক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটেছে।
একই সময়ে নারী ও শিশু নির্যাতনের চিত্রও ছিল ভয়াবহ। গত মার্চ মাসের তুলনায় এপ্রিলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে এবং অন্তত ৩১২টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। এপ্রিলে ৮৯ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ৫৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
রাজনৈতিক সহিংসতা এবং কারাহেফাজতে মৃত্যুর সংখ্যা গত মাসের তুলনায় কিছুটা কমলেও সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। এপ্রিলে ৩ জন রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন এবং কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬ জনের।
