নিজস্ব প্রতিনিধি
কুমিল্লায় অ্যাপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। ২০২৪ সালের ৫ ই আগষ্টের পর নিয়োগ দেওয়া হয়েছিলো জামায়াতপন্থি বিচারপতি মো. আব্দুল মান্নানকে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ১৬ এপ্রিল প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে রাখা হয়নি। তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।
এর আগে গত ৩ এপ্রিল কুমিল্লায় অ্যাপেক্স ক্লাবের অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। তিনি সেখানে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিচারপতির এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অক্টোবর মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুরের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
