নিজস্ব প্রতিনিধি :
দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ও অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলো জাতীয় সংসদ। স্বাধীনতার প্রশ্নে দীর্ঘদিনের বৈরী অবস্থান ও আদর্শিক দূরত্বের দেয়াল ভেঙে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ‘অন্যতম নায়ক’ হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
অধিবেশন চলাকালে জামায়াত এমপি আব্দুল ওয়ারেছ যখন তাঁর বক্তব্য শুরু করেন, তখন পুরো সংসদ কক্ষে এক ধরনের পিনপতন নীরবতা নেমে আসে। তিনি বলেন, “আমি প্রথমে শ্রদ্ধাসহ স্মরণ করছি স্বাধীনতার ‘অন্যতম নায়ক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।” জামায়াতের একজন নির্বাচিত প্রতিনিধির মুখে এমন উচ্চারণ সংসদ সদস্যদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদেরও চমকে দিয়েছে।
৫ই আগস্টের পটপরিবর্তনের পর জামায়াতে ইসলামীর রাজনীতিতে এক ধরনের গুণগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। তবে সরাসরি জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্বাধীনতার নায়ক হিসেবে স্বীকার করে নেওয়াকে দলটির অবস্থানের বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে। আব্দুল ওয়ারেছ তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানের প্রতি ইঙ্গিত করে এই সম্মান প্রদর্শন করেন।
খবরটি গণমাধ্যমে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে ‘জাতীয় ঐক্য’ ও ‘ইতিহাসের সত্য স্বীকার’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে জামায়াতের কৌশলগত রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অংশ হিসেবে বিবেচনা করছেন।
