নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সংগঠনটির তিন নেতার বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন প্ল্যাটফর্মের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করা হয়েছে এবং সেই অর্থের একটি অংশ আত্মসাৎ করা হয়েছে।
সিনথিয়া জাহিন আয়েশা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নয়, এটি সাধারণ জনগণের সংগঠন। এই সংগঠনকে ব্যবহার করে রাষ্ট্রের অর্থ নিজেদের মতো ব্যবহারের কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, সংগঠনের নাম ব্যবহার করে প্রাপ্ত অর্থের স্বচ্ছ হিসাব দেওয়া হয়নি এবং তা যথাযথভাবে ব্যয় করা হয়েছে কি না, সে বিষয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, রাষ্ট্রীয়ভাবে বরাদ্দকৃত অর্থের ব্যবহারের ওপর অডিট চালানো এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
