নিজস্ব প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের বড় রাজনৈতিক দলগুলোর সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম (কেএম আজিজ)। ড. ইউনূসকে কোনো ‘বিচ্ছিন্ন ব্যক্তি’ নয় বরং রাজনৈতিক দলগুলোর ‘নিযুক্ত প্রতিনিধি’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া সমালোচনা করেন।
আজিজুল ইসলাম বর্তমান সরকারের কাঠামোকে একটি মানবদেহের সাথে তুলনা করে লেখেন, “ড. ইউনুস যদি মাথা হয়ে থাকেন তবে বিএনপি তার ডান হাত, জামায়াত বাম হাত আর এনসিপি তার হার্টের ভূমিকায় ছিলেন। আপনারা সবাই একটা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ।”
তার এই রূপকধর্মী মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, বর্তমান প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ডের পেছনে এই রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ভূমিকা ও সমর্থন রয়েছে।
সাবেক এই সংসদ সদস্য সরাসরি অভিযোগ তুলে বলেন, অসাংবিধানিক উপায়ে ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিল করছে।
তিনি পোস্টে উল্লেখ করেন, “ড. ইউনুসের সকল দায় আপনাদের নিতেই হবে। আপনারা এ দায় এড়াতে পারেন না। কারণ আপনারা অসাংবিধানিক উপায়ে তাকে ক্ষমতায় বসিয়ে নিজেদের সকল স্বার্থ হাসিল করেছেন। তাকে ক্ষমতায় বসিয়ে আপনারা রাষ্ট্রকে ভাগ বণ্টন করে নিয়েছেন।”
জনগণ বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উল্লেখ করে আজিজুল ইসলাম তার পোস্টের শেষে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, “জাতি সবই জানে এবং বোঝে। আজ অথবা কাল আপনাদের জবাব দিতেই হবে।”
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ ঘরানার সাবেক এই সংসদ সদস্য বর্তমান প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আসছেন। তার এই সর্বশেষ পোস্টটি অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত বিএনপি, জামায়াত বা সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
