ফোরটিন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ এমন বক্তব্য লেখা পোস্টার লাগানোকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পোস্টারে ছবি ও নাম ব্যবহার করা হয়েছে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিরাজপুর এলাকায় বিভিন্ন দেয়ালে এসব পোস্টার লাগানো হয়।
পোস্টারে লেখা হয়েছে, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিবো।’
এছাড়া পোস্টারে আরও লেখা হয়েছে, ‘বেকারদের জন্য গাঁজা, বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে।’
পোস্টারগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা।
বেলাল হোসেন অপেল নামের এক তরুণ ফেসবুকে লিখেছেন, ‘আর কী বলবো।’ মো. রাজু নামে একজন লিখেছেন, ‘মাদক কত এবেলএবেল হলে এমন পোস্টার করা হয়।’ অন্যদিকে সজিব মাহমুদ নামের একজন মন্তব্য করেছেন, ‘এটি প্রতিহিংসা থেকে হতে পারে।’
তবে পোস্টারে নিজের ছবি ও নাম ব্যবহারের বিষয়টি অস্বীকার করে সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
খোকন বলেন, পাঁচ দিন আগে তার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে চড় মারে। এ ঘটনায় তিনি প্রতিবাদ করেছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানার পরই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। যারা এতে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
