নিজস্ব প্রতিনিধি :
বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের তিনটি মামলায় জামিন নিতে গিয়ে শ্রীঘরে যেতে হয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আক্তার তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম জুয়েল, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন এবং পৌর আওয়ামী লীগের সদস্য আলী আজমসহ মোট ৮ জন নেতাকর্মী আজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। তিনি জানান, নেতাকর্মীরা আইন মেনে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন, কিন্তু আদালত তাঁদের আবেদন গ্রহণ না করে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিএনপির মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলাগুলোতেই আজ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
