নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খাবার খেয়ে ফেরার পথে ‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দুই শিক্ষার্থী। গত শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন জাতীয় একটি টেলিভিশন চ্যানেলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্যমতে, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবির সরকার ও আশিকুর রহমানসহ সাতজন শিক্ষার্থী স্থানীয় একটি হোটেলে রাতের খাবার খেয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। ক্যাম্পাসগামী একটি বাস ধরতে যাওয়ার সময় তারা ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন। এ সময় স্থানীয়রা স্লোগান দেওয়ার কারণ জানতে চাইলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বাসে উঠে গেলেও স্থানীয়রা বাস থামিয়ে তাদের ওপর চড়াও হয়।
আহত আশিকুর জানান, অভিযুক্তরা বাসে উঠে ঔদ্ধত্য প্রদর্শন শুরু করলে আবির সরকার ভিডিও করার জন্য তার ফোন বের করেন। সাথে সাথে স্থানীয়রা তার ফোনটি কেড়ে নেয় এবং তাকে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। আশিকুরকেও বুকে ও ঘাড়ে আঘাত করা হয়। হামলাকারীরা ঘটনার পরপরই দ্রুত সটকে পড়ে।
আহতদের উদ্ধার করে প্রথমে চবি মেডিকেল সেন্টার এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক জানান, আবির সরকারের হাতের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
ঘটনার পর রাতেই জাহিন আবির সরকার বাদী হয়ে ইমন (২৫) ও শফিকের (২৭) নাম উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রাত ৪টায় এগারোমাইল এলাকা থেকে মামলার প্রধান আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান ঘটনার তাৎক্ষণিক তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি বিষয়টি শোনার সাথে সাথেই প্রশাসনকে দুই ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো আপস করব না।”
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছেন, প্রধান আসামি ইতোমধ্যে পুলিশের হেফাজতে রয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
