নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাসান মেহেদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, শেখ মোহাম্মদ হাসান মেহেদী প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও সর্বোচ্চ প্রচেষ্টার পরও তাঁকে আর ফেরানো সম্ভব হয়নি।
ছাত্ররাজনীতির লড়াকু এই নেতার অকাল মৃত্যুতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মূহ্যমান হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বর্ণিল রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন সহযোদ্ধারা।
রাজনৈতিক জীবনে শেখ মোহাম্মদ হাসান মেহেদী ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেওয়ার পর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন।
ছাত্র রাজনীতিতে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি মূল দল আওয়ামী লীগে যুক্ত হয়ে জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
