আরিফ জেবতিক
ড. ইউনূস একটা টিমই শুধু চমৎকার করেছিলেন। সেটি হচ্ছে উনার কমিউনিকেশন টিম। আমি সবসময়ই বলি, ড. ইউনূস হচ্ছেন বাঙালির ইতিহাসের সেরা মার্কেটিং জিনিয়াস।
তিনি তাই তার টিমটি খুবই ভালো করেছিলেন। ডাস্টবিন শফিক নামে পরিচিত যে শব্দ টিকটকার ভদ্রলোককে তিনি প্রেস সেক্রেটারি করেছিলেন, তিনিও ড. ইউনূসের মতোই একবারও ঢোক না গিলে বড় বড় মিথ্যা কথা বলতে পারতেন। শব্দচয়নে তিনি মনোযোগ ধরে রাখতে পারতেন। যেমন ‘অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে’ না বলে তিনি বলতেন ‘জবের বন্যা বয়ে যাবে।’ বাঙু বাঙাল তখন সত্য সত্যই বিশ্বাস করতো যে অনেক অনেক চাকরি হবে আর তারা সবাই আড়ংয়ে বাজার করে ১৫ টাকার ব্যাগ কিনে সুখে শান্তিতে ঘরে ফিরবে।
ড. ইউনূসের এমন ডায়নামিক ডাস্টবিনের পরে, তারেক রহমানের প্রেস টিম একটি ডিজাস্টার। এরা কোথাও আছে কি না বোঝা যাচ্ছে না। প্রেস সেক্রেটারির নাম আদৌ পাবলিকে জানে কী না সন্দেহ আছে।
একটা টাটকা উদাহরণ দেই। জামায়াতের একজন নারী কর্মী ভোলায় গ্রেফতার হয়েছেন। আপনি খোঁজ নিয়ে দেখুন, উনি গ্রেফতার হয়েছেন সেটি খবর, কিন্তু কেন গ্রেফতার হয়েছেন এটা কেউ পরিষ্কার বলতে পারবে না।
আমি সার্চ দিয়ে দেখলাম। বিবি সাওদা নামের এই নারী একজন প্রতিবন্ধী শিশুর মা, উনাকে গ্রেফতার করা হয়েছে তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করার অপরাধে—এই বয়ানে ফেসবুক ভরপুর। যে স্ক্রিনশট দিয়ে গ্রেফতারের কারণ বলা হয়েছে, সেই স্ক্রিনশট পড়লে দেখবেন যে এই ধরনের নিরীহ সমালোচনার জন্য মানুষ গ্রেফতার করতে হলে নিঝুম দ্বীপে দেয়াল তুলে পুরো দ্বীপকে জেলখানা বানালেও লোক জায়গা দেওয়া যাবে না।
তাহলে কী দাঁড়াল? বিবি সাওদাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, একেবারেই অহেতুক, অকারণে গ্রেফতার করা হয়েছে। যেসব লেখা সামনে আসছে, এসবের জন্য গ্রেফতার তো দূরের কথা, কাউকে কমেন্টেও কটু বাক্য বলা যৌক্তিক হয় না।
এখন ঘটনার পেছনে কি অন্য কোনো ঘটনা আছে? সরকারকে পরিষ্কার করে কাশতে হবে। কিছুদিন আগে খবরে দেখলাম ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার।’ কিন্তু অনেক ঘাঁটাঘাঁটি করে বুঝলাম, কটুক্তি নয়, বরং একটি পর্নোগ্রাফিক ছবির সাথে তারেক রহমানের ছবি জুড়ে দেওয়ায় গ্রেফতার করা হয়েছে। কোথায় কটুক্তি আর কোথায় পর্নোগ্রাফি!
কিন্তু পরিষ্কার এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা না করলে এসব ঘটনা মানুষকে বিরক্ত করবেই।
বিবি সাওদাকে কেন গ্রেফতার করা হয়েছে তার পরিষ্কার ব্যাখ্যা দিন, পাবলিকের কাছে প্রমাণ করুন যে তাকে গ্রেফতার করার যুক্তি আছে।
নয়তো বিবি সাওদাকে সসম্মানে মুক্তি দিন।