দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বর্তমান সংসদ সদস্য (এমপি) এবং তাঁদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
এর মধ্যে বিশাল একটি অংশ অর্থাৎ ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকাই এখন খেলাপি ঋণ। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, সংসদ সদস্য ও তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে নেওয়া ঋণের বর্তমান স্থিতি ১১ হাজার কোটি টাকারও বেশি।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, এই ঋণের একটি বড় অংশ বর্তমানে খেলাপি হিসেবে চিহ্নিত হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, অনেক ক্ষেত্রে আদালতের নির্দেশনা বা স্থগিতাদেশের কারণে ঋণগুলো ‘নিয়মিত’ হিসেবে দেখানো হচ্ছে।
আইনি মারপ্যাঁচে বাস্তবে খেলাপি হওয়া সত্ত্বেও সেগুলো তালিকার বাইরে রয়ে গেছে। খেলাপি ঋণের এই ভয়াবহ চিত্র দেশের ব্যাংক খাতের নাজুক অবস্থাকেই পুনরায় সামনে নিয়ে এলো
