সারা দেশে হামের উদ্বেগজনক সংক্রমণ এবং শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি দায়ী করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে চরম উদাসীনতা দেখিয়েছে। তাদের আমল থেকেই নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, তার মাশুল আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে।
ডা. রফিকুল ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে পূর্ববর্তী স্বাস্থ্য কাঠামোর ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে টিকার আন্তর্জাতিক সরবরাহ চেইন বজায় রাখা এবং মাঠপর্যায়ে ইপিআই (EPI) কর্মীদের তদারকিতে চরম অদক্ষতা প্রদর্শন করেছে। তিনি বলেন, “১৮ মাস দেশ শাসনের নামে তারা সময়ক্ষেপণ করেছে, কিন্তু শিশুদের জীবনরক্ষাকারী টিকার মজুদ নিশ্চিত করেনি। তাদের ভুল নীতি ও সমন্বয়হীনতার কারণেই আজ টিকার অভাবে শত শত শিশু আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, একটি নির্বাচিত সরকার যেভাবে দ্রুত জনস্বাস্থ্যের সংকট মোকাবিলা করতে পারে, একটি উপদেষ্টা সরকার তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সেই ভেঙে পড়া স্বাস্থ্য খাতকে পুনরায় টেনে তোলার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন। ডা. রফিকুল ইসলাম অবিলম্বে হামের প্রকোপ রুখতে দেশব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালুর জোর দাবি জানান।
