দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর এ বছর নিজ দেশে ঈদ উদযাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরার পর এবং ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম স্বদেশি ঈদ।
প্রধানমন্ত্রী ঈদের দিন সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। নামাজের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টা থেকে তিনি মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এদিকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে জরুরি সরকারি কাজকর্ম তদারকি করছেন। বিশেষ করে সারা দেশে চলমান খাল খনন কর্মসূচি এবং সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রী ও মেয়রদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের পরের দিন ঠাকুরগাঁও যাবেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য মন্ত্রী ও এমপিরা ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেবেন।
