নিজস্ব প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলায় এক ব্যতিক্রমী ও মর্যাদাপূর্ণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তী প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়
১৭ মার্চ প্রথম প্রহরে নেত্রকোণা সদরের বালি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদমের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোকসজ্জা করা হয়। অন্ধকার ছাপিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাঠজুড়ে শত শত প্রদীপ প্রজ্জ্বলন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে জেলা ছাত্রলীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতা ও প্রায় ৫০ জনের বেশি সক্রিয় কর্মী অংশগ্রহণ করেন। তারা বালি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নিরাপত্তার স্বার্থে ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে অংশগ্রহণকারী অনেক নেতাকর্মী তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক থাকলেও, তারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তাদের অবিচল আস্থার কথা জানান। উল্লেখ্য যে, গত ৫ আগস্টের পর থেকে এসব নেতাকর্মীরা নানা প্রতিকূলতা ও লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে জেলা শহরে অবস্থান করছেন এবং দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন।
কর্মসূচির নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদম বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শের বাতিঘর। প্রতিকূল পরিবেশেও আমরা তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রমাণ করেছি যে, ছাত্রলীগের কর্মীরা দমে যাওয়ার নয়। আমরা শান্তিপূর্ণ ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর।
উপস্থিত নেতাকর্মীরা জানান, এ ধরনের কর্মসূচী তাদের মনোবলকে চাঙা করেছে। আগামী দিনেও তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকবেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
