নিজস্ব প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একইসঙ্গে এই হত্যাকাণ্ডসহ পূর্ববর্তী সকল হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৫ মার্চ) শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। সাভারের ইসলামনগরে নিজ বাসায় শারমিনের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। ছাত্রলীগ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে শারমিন হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
ছাত্রলীগ উল্লেখ করেছে যে, এর আগে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী শামীম মোল্লাকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখন পর্যন্ত তার সুষ্ঠু বিচার হয়নি। বরং অভিযোগ রয়েছে, অভিযুক্তদের ক্যাম্পাসে অবস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে।
বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি করেছে সংগঠনটি। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
শাখা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চরম উদ্বেগের বিষয়। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
