নিজস্ব প্রতিনিধি
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা থামছেই না বলে অভিযোগ উঠছে। সারা দেশে একের পর এক হামলা, মামলা ও মব সহিংসতার মধ্যে এবার প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখকে (৪৫)।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার উদয়পুরের পানবাজার এলাকায় একটি পাবলিক টয়লেটের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি।
নিহত সোহাগ শেখ উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি উদয়পুর বাজারে তার একটি হার্ডওয়্যার ব্যবসা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টার দিকে উদয়পুর বাজারে দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক সাংবাদিকদের বলেন, “রাত ১০টার দিকে উদয়পুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “কারা এবং কী কারণে এই নেতাকে গুলি করে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। এটি ব্যবসায়িক নাকি রাজনৈতিক বিরোধের জেরে ঘটেছে—তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
