বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন মামলা, হামলা ও হয়রানির শিকার মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিচ্ছে তরুণ আইনজীবীদের সংগঠন লিগ্যাল টিম–৭১। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের আইনি সহায়তা দিয়ে সংগঠনটি অনেকের কাছে ভরসার জায়গা হয়ে উঠছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
লিগ্যাল টিম–৭১ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় অনেক নিরীহ মানুষ হামলা, মব সহিংসতা এবং মিথ্যা মামলার ঘটনায় আইনি জটিলতায় পড়েন। এমন পরিস্থিতিতে নিপীড়নের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।
সংগঠনটির সহ–প্রতিষ্ঠাতা আসলাম মিয়া বলেন, ৫ আগস্টের পর অনেক মানুষ রাজনৈতিক কারণে বিভিন্ন আইনি সমস্যার মুখে পড়েছেন। কেউ মামলা বা গ্রেপ্তার আতঙ্কে আছেন, আবার কেউ হামলার শিকার হয়েছেন। এসব মানুষ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তারা কাজ করছেন।
তিনি বলেন, অনেক সময় রাজনৈতিক, পেশাগত বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে মানুষ হয়রানির শিকার হলেও প্রয়োজনীয় আইনি পরামর্শের অভাব বা আর্থিক সীমাবদ্ধতার কারণে আইনের আশ্রয় নিতে পারেন না। সেই সব নিপীড়িত মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে লিগ্যাল টিম–৭১।
আসলাম মিয়া আরও জানান, সংগঠনটি শুধু রাজনৈতিক হয়রানির শিকার ব্যক্তিদের সহায়তাই দিচ্ছে না, বরং সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের নানা আইনি জটিলতায়ও সেবা দিচ্ছে। সিভিল, ফৌজদারি, শুল্ক, প্রশাসনিক, মূল্য সংযোজন কর, কর সংক্রান্ত বিষয় এবং ব্যবসায়িক নথিপত্রসহ বিভিন্ন আইনি বিষয়ে তারা পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে।
তার মতে, নতুন উদ্যোক্তা, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত প্রয়োজন—সব ক্ষেত্রেই যে কেউ তাদের কাছ থেকে আইনি সহায়তা নিতে পারেন। দ্রুত সময়ের মধ্যে কার্যকর সমাধান দেওয়ার চেষ্টা করা হয় বলেও জানান তিনি।
এ ছাড়া সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তাও প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
লিগ্যাল টিম–৭১ ভবিষ্যতে নাগরিকদের আইনি সচেতনতা বাড়ানো এবং উদ্যোক্তাদের জন্য কর ও ব্যবসায়িক আইন বিষয়ে পরামর্শমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
