পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রায় প্রতিদিনই পথচারী, যাত্রী এমনকি সরকারি কর্মকর্তারাও ছিনতাইয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালক ও এক পুলিশ সদস্যও ছিনতাইয়ের শিকার হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় ৩০৮টি অভিযোগ জমা পড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ছিনতাই ও দস্যুতার ঘটনায় ১৬৩টি মামলা হয়েছে, যার মধ্যে রাজধানীতে ২৯টি এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে ৪২টি মামলা হয়েছে। ফেব্রুয়ারি মাসে এ ধরনের মামলার সংখ্যা ছিল ১৩৭টি।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালে সারা দেশে ছিনতাই ও দস্যুতার ঘটনায় মোট ১ হাজার ৯৩৫টি মামলা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাত্র পাঁচ মাসে ছিনতাইকারীদের হামলায় ১৬ জন নিহত হওয়ার ঘটনাও নথিভুক্ত হয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৬৫ শতাংশ ছিনতাই মোটরসাইকেল ব্যবহার করে সংঘটিত হয়। এছাড়া প্রায় ২০ শতাংশ ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত থাকে এবং প্রায় ১৫ শতাংশ ক্ষেত্রে ছদ্মবেশ বা কথার ছলে পথচারীদের বিভ্রান্ত করে ছিনতাই করা হয়।
তবে সংশ্লিষ্টরা মনে করেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেক ভুক্তভোগী আইনি জটিলতা এড়াতে মামলা না করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপরাধ বিশ্লেষকদের মতে, রাতের বেলায় পুলিশের টহল কম থাকা, বেকারত্ব, মাদকাসক্তি, পর্যাপ্ত সিসিটিভি ও স্ট্রিট লাইটের অভাব এবং আইনি দুর্বলতা ছিনতাই বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে।
পুলিশ সদর দপ্তরের তথ্যে জানা গেছে, রাজধানীতে অন্তত ৪৩২টি এলাকা ছিনতাইপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় প্রায় ৯৭৯ জন সক্রিয় ছিনতাইকারী রয়েছে। এর মধ্যে মিরপুর ও তেজগাঁও বিভাগে ৩৮৬ জন, মতিঝিল ও ওয়ারী বিভাগে ২১২ জন, রমনা ও লালবাগ বিভাগে ২১৭ জন এবং উত্তরা ও গুলশান বিভাগে ১৫৪ জন ছিনতাইকারী সক্রিয় রয়েছে।
এদিকে গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তারাবি নামাজ শেষে হাঁটার সময় ছিনতাইয়ের শিকার হন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং পাসওয়ার্ড জানতে চেয়ে তাকে মারধরও করে। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে নারায়ণগঞ্জে দায়িত্বরত এক পুলিশ সদস্যের কাছ থেকেও সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান ভোরে তিন ছিনতাইকারীর কবলে পড়েন এবং তারা তার সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সারা দেশের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও র্যাবকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
