সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় এক জামায়াত নেতার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে প্রশাসনের টাস্কফোর্স। একই সঙ্গে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির নামে পরিচালিত একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
কারখানাটির মালিক নজরুল ইসলাম সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন জামায়াতের আমির বলে জানা গেছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, কারখানাটি দাঁতের মাজন ও কীটনাশক উৎপাদনের নামে পরিচালিত হলেও সেখানে হারপিক ও মশার কয়েল তৈরি করা হচ্ছিল। এসব পণ্যে প্রস্তুতকারক হিসেবে নজরুল ইসলামের কোম্পানির নাম ব্যবহার করা হলেও উৎপাদনের জন্য কোনো বৈধ অনুমোদন ছিল না।
তিনি আরও জানান, নিমের মাজন নামে পণ্য বাজারজাত করা হলেও তাতে নিমের কোনো উপাদান ব্যবহার করা হয়নি। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই গরু ও হাঁস-মুরগির ওষুধ তৈরি করা হচ্ছিল। অনেক পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ ছিল না।
এসব অনিয়মের অভিযোগে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
