নওগাঁয় জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই অফিসে প্রচার হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ।
শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষণের একটি ভিডিও আপলোড করা হয়।
আধা মিনিটের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্র একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। এবং দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের স্ব স্ব ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিচ্ছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, তিনি শুনেছেন।
পরে জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছেন।
