ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান অভিনীত একটি নতুন শর্টফিল্ম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে। ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত এই শর্টফিল্মটি অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক দর্শকের নজর কেড়েছে এবং রেকর্ড পরিমাণ ভিউ অর্জন করেছে বলে নির্মাতা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশের পর থেকেই শর্টফিল্মটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত প্রোফাইলে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হওয়ায় দর্শকের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ইউটিউবেও একইভাবে দর্শকদের আগ্রহ দেখা যায়।
নির্মাতা সূত্র জানায়, মুক্তির প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি লক্ষাধিক দর্শক দেখেছেন এবং এখনও ভিউ বাড়ছে। দর্শকদের মন্তব্য ও প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে, জায়েদ খানের অভিনয় ও উপস্থাপনাকে অনেকেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। মাত্র ২৪ ঘণ্টায় ইউটিউব ও ফেসবুক মিলিয়ে তার শর্টফিল্মটি দেখা হয়েছে প্রায় ২ মিলিয়নের উপরে। যা আন্তর্জাতিকভাবে রেকর্ডে চতুর্থ।
খোঁজ নিয়ে জানায় এর আগে In a Heartbeat নামে একটি শর্টফিল্ম মাত্র ২৪ ঘন্টায় দেখা হয়েছিল প্রায় ৫ মিলিয়ন। যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। তারপর দ্বিতীয় স্থানে আছে Kung Fury যা মাত্র ২৪ ঘন্টায় দেখা হয় ৩ মিলিয়নের একটু বেশী। তৃতীয় স্থানে আছে Lights out নামে একটি শর্টফিল্ম, যা দেখা হয় প্রায় ৩ মিলিয়ন। তারপরেই জায়েদ খানের American Dream এর অবস্থান। ৫ম স্থানে আছে Hair Love যা দেখা হয়েছে ২ মিলিয়নের কাছাকাছি।
জায়েদ খান বলেন, সামাজিক মাধ্যমে দর্শকদের এমন ভালোবাসা তাকে নতুন করে অনুপ্রাণিত করছে। ভবিষ্যতেও তিনি ভিন্নধর্মী কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চান।
উল্লেখ্য, জায়েদ খান দীর্ঘদিন ধরে বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করে আসছেন এবং তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদকও ছিলেন।
