কুমিল্লায় একটি মন্দিরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা হাতবোমার বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ঠাকুরপাড়া এলাকার কালীগাছতলা মন্দিরে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দির প্রাঙ্গণে শনিপূজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত হঠাৎ সেখানে এসে ধারাবাহিকভাবে বোমা নিক্ষেপ করে। প্রথম বোমাটি কালীগাছতলার মূল পূজাস্থলে বিস্ফোরিত হয়। পরে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় কাছাকাছি একটি বৌদ্ধ মন্দিরের ফটক এবং ব্র্যাক অফিসের সামনে আরও দুটি বোমা নিক্ষেপ করে।
বিস্ফোরণের সময় মন্দিরে থাকা ভক্তরা আতঙ্কে দিগ্বিদিক ছুটে পালাতে থাকেন। এতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তীসহ চারজন আহত হন। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হামলাকারীরা লাকসাম রোডের সালাউদ্দিন হোটেল এলাকা থেকে দৌড়ে এসে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জিআই পাইপ দিয়ে তৈরি বোমার আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া মন্দির প্রাঙ্গণে একটি পরিত্যক্ত শপিং ব্যাগও পাওয়া গেছে।
এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এবং র্যাবের কর্মকর্তারা।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করতেই সন্ত্রাসীরা এই হামলা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে।
এর আগে ২০২১ সালের অক্টোবরেও কুমিল্লা শহরের নানুয়া দিঘি এলাকায় একটি পূজামণ্ডপকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছিল, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল।
বর্তমান ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
