ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেওয়া এক বাণীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ৭ মার্চ এক অনন্য ও অবিস্মরণীয় মাইলফলক।
বাণীতে তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এ লাখো মানুষের সামনে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, তা বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হিসেবে স্বীকৃত।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সেই ভাষণ কেবল একটি রাজনৈতিক বক্তব্য ছিল না; বরং এটি ছিল শোষিত ও বঞ্চিত বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রামের স্পষ্ট দিকনির্দেশনা। প্রায় ১৮ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু বাঙালির দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার ইতিহাস তুলে ধরার পাশাপাশি স্বাধীনতার সংগ্রামের রূপরেখাও ঘোষণা করেছিলেন।
তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক আহ্বান “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” সেই সময় স্বাধীনতার জন্য প্রস্তুত সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তিযুদ্ধের পথে দেশকে এগিয়ে দিয়েছিল।
শেখ হাসিনা বলেন, দেশের ইতিহাসের প্রতিটি সংকটময় মুহূর্তে ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকার যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বঙ্গবন্ধুর আদর্শ জাতিকে নতুন শক্তি দিয়েছে।
বাণীতে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেন এবং তাঁর আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো নারীসহ সকল ত্যাগী মানুষের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ৭ মার্চের চেতনা ধারণ করে সাম্রাজ্যবাদ ও মৌলবাদের অশুভ শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
