ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান-কে সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় নির্মাণ শ্রমিকের পোশাকে কাজ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় নানা কৌতূহল। অনেকেই জানতে চান নিউ ইয়র্কে ঠিক কী করছেন এই অভিনেতা?
অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে। প্রকাশ পেয়েছে তার নতুন প্রজেক্ট “American Dream”-এর ফার্স্ট লুক। ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’ সিরিজের প্রথম পর্ব হিসেবে নির্মিত এই প্রজেক্টে প্রধান চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। এতে দেখা যাবে একজন অভিবাসীর সংগ্রাম, স্বপ্ন এবং বাস্তবতার গল্প।
প্রকাশিত পোস্টারে নিউ ইয়র্কের একটি সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জায়েদ খানকে দেখা যায়। পোস্টারের ওপরে লেখা “Immigrant Diaries – EP 01”, আর বড় অক্ষরে শিরোনাম “American Dream”। এতে তাকে এক সাধারণ অভিবাসীর রূপে তুলে ধরা হয়েছে, যিনি নতুন দেশে নিজের স্বপ্ন গড়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন।
জানা গেছে, প্রজেক্টটি পরিচালনা করেছেন জে কে (JK)। এটি নির্মাণ করেছে Thikana Production। সিনেমাটোগ্রাফি করেছেন সাদ আল আমিন এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মুশরাত শাহীন।
নির্মাতাদের মতে, “American Dream” মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের বাস্তব জীবনসংগ্রাম ও স্বপ্নের গল্প তুলে ধরবে। নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।
নিউ ইয়র্কে নির্মাণকাজে ব্যস্ত অবস্থায় জায়েদ খানের যে ছবি ভাইরাল হয়েছিল, সেটিও এই প্রজেক্টের শুটিংয়ের অংশ বলেই জানা গেছে। ফলে ভক্তদের কৌতূহলের অবসান ঘটিয়ে এখন আলোচনায় রয়েছে তার নতুন কাজ “American Dream”।
