বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি জেলা কমিটির সাতজন শীর্ষ নেতা। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে।
পদত্যাগকারী নেতারা হলেন—এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা।
তারা লিখিত পদত্যাগপত্রে জানিয়েছেন, ‘২৪–এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ পরিত্যাগ করে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। এই অবস্থায় সেই আদর্শের সঙ্গে থেকে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।’
পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা। তিনি সেখানে লেখেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দলটিকে তিনি একসময় বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি হিসেবে দেখেছিলেন। তবে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দলটি নিজের আদর্শ থেকে সরে এসেছে বলে তার দাবি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের হয়ে নির্বাচন করে এনসিপি। এই সিদ্ধান্তের পর থেকেই দলটির ভেতরে অসন্তোষ তৈরি হয়। নির্বাচনের আগেও ডা. তাসনিম জারা ও সামান্থা শারমিনসহ কয়েকজন নেত্রী দল থেকে পদত্যাগ করেছিলেন।
এ বিষয়ে রাঙামাটি জেলা এনসিপির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, তিনি গণমাধ্যমে পদত্যাগের খবর শুনেছেন, তবে তার কাছে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন জমা দেননি। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
