ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার দেখা গেল একেবারে ভিন্ন রূপে। ঝকঝকে পোশাক নয়, গায়ে সেফটি ভেস্ট, মাথায় হেলমেট, হাতে কাঠের তক্তা নিউ ইয়র্কের রাস্তায় নির্মাণকাজে ব্যস্ত তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের একটি সড়কের পাশে কাজ করছেন জায়েদ খান। ছবিতে তার পরনে নির্মাণ শ্রমিকের নিরাপত্তা পোশাক, সঙ্গে গ্লাভস ও বুট। পেছনে দেখা যায় কাজের সরঞ্জাম ও নির্মাণসামগ্রী। সব মিলিয়ে মনে হচ্ছে তিনি কোনো সড়ক বা ফুটপাত সংস্কারকাজে যুক্ত।
তবে প্রশ্ন উঠেছে—এটি কি বাস্তব কাজ, নাকি নতুন কোনো প্রজেক্টের প্রস্তুতি? সংশ্লিষ্ট সূত্র বলছে, নিউ ইয়র্ক সফরকালে জায়েদ খান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, এটি হয়তো কোনো সচেতনতামূলক কার্যক্রম, শুটিং বা বিশেষ আয়োজনের অংশ।
জায়েদ খান বরাবরই ভিন্নধর্মী উপস্থিতির মাধ্যমে আলোচনায় থাকেন। নিউ ইয়র্কে তার এই কর্মব্যস্ত ছবি নতুন করে কৌতূহল তৈরি করেছে ভক্তদের মাঝে।
জায়েদ খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করছে তার অনুসারীরা।
