বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে নিজেই নিজেকে ‘ভিভিআইপি’ অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গেছেন। ফলে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তায় থাকবেন। তবে সাধারণত বিদায়ী সরকারপ্রধান এ ধরনের সুবিধা পাওয়ার রেওয়াজ দেশে না থাকলেও তিনি এ সংক্রান্ত গেজেট জারি করেন। কিন্তু সেটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় এর ওয়েবসাইটে না থাকায় এ বিষয়ে উঠেছে নানান প্রশ্ন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট জারি করা হলেও সেটি এখন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এর ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুরনো সব গেজেটও এই ওয়েবসাইটে পাওয়া যায়।
এ বিষয়ে বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, ‘এ বিষয়ে সরকারি নির্দেশনাই অনুসরণ করেছেন তারা।
’ তবে সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই গেজেট অনুযায়ী ড. ইউনূস দায়িত্ব ছাড়ার পর এক বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সুবিধা পাবেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়েই, বিশেষ নিরাপত্তা আইন (স্পেশাল সিকিউরিটি ফোর্স) ২০২১ এর ১২ ধারায় দেওয়া ক্ষমতাবলে গত ২৩ ডিসেম্বর ২০২৫ এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫ এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো আইন লঙ্ঘন করেননি। এ বিষয়ে যে আদেশ জারি করা হয়েছে, তা এসএসএফের একটি প্রক্রিয়াগত বাধ্যবাধকতা।
আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয় না। সুতরাং এটি অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো বিষয় নয়।
তিনি আরও উল্লেখ করেন, ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানও দায়িত্ব ছাড়ার আগে এ ধরনের একটি আদেশ হয়েছিল।
গেজেট প্রকাশ
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা গেজেটে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা আইন ২০২১ এর ধারা ২ (ক) এ প্রদত্ত ক্ষমতাবলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তাহার দায়িত্ব হস্তান্তরের তারিখ হইতে ১ (এক) বৎসরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করিল।
ফলে আবার অন্তর্বর্তী সরকারের সময়েই করা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫ অনুযায়ী ড. ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এক বছর এসএসএফ সুবিধা পাবেন।
