কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টি-এর নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা তাদের উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির মহানগর ইউনিটের একটি দলের পেছনে ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে প্রবেশ করেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। তবে সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের কোনো পরিচিত নেতাকে দেখা যায়নি।
এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণ শেষ করার পর জাতীয় পার্টির ব্যানার চোখে পড়লে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে উত্তেজনার মধ্যে জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেওয়া হয়।
পরিস্থিতি বিবেচনায় জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ না করেই এলাকা ত্যাগ করেন। ঘটনাকে ঘিরে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
