নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিন ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। থেমে থেমে চলা সংঘর্ষের কারণে ওই সড়ক ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৮টার পর নরসিংহপুর এলাকার হামীমসহ আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিতে শুরু করেন।
এ সময় শ্রমিকেরা বিভিন্ন কারখানার সামনে ও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন।
সকাল সাড়ে ১১টার দিকেও আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর, ইউনিকসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত ছিল। পুলিশের টিয়ারশেল নিক্ষেপের মুখে শ্রমিকেরা সড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে বেশ কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ঠিক কতটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে।
