মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে এটিই ছিল তার প্রথম শ্রদ্ধা নিবেদন। তবে কর্মসূচি শেষে ফেরার পথে স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করলে একদল যুবক তাকে উদ্দেশ করে ‘রাজাকার’, ‘একাত্তরের দালালেরা হুঁশিয়ার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত জামায়াতের নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দেন। এক পর্যায়ে উভয় পক্ষের স্লোগানে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন জোটের অন্যান্য সংসদ সদস্যরাও। হট্টগোল শুরু হলে এনসিপির নেতারা দ্রুত আমিরের গাড়ির কাছে ফিরে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপত্তা বলয় তৈরি করেন। পরে ডা. শফিকুর রহমান ও তার সঙ্গে থাকা নেতারা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
