জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আলোচিত নারী উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতা রোবাইয়াত ফাতিমা তনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সচেতন নাগরিক সমাজ’-এর আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিটি সংবাদ সম্মেলনে পড়ে শোনান তনি।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন যে, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। সংগঠনটির দাবি, এটি দলটির ঘোষিত নীতির অংশ।
রোবাইয়াত ফাতিমা তনি বলেন, এ ধরনের অবস্থান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তার দাবি, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল লিঙ্গসমতার বিরুদ্ধে অবস্থান নিলে তাদের নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচ্য হতে পারে। রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণের অধিকার অস্বীকার করা অসাংবিধানিক আদর্শের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপসের বিষয় হতে পারে না। তাই জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া, অবমাননাকর বক্তব্যের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার দাবি জানান তারা। একইসঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
