রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের সিলযুক্ত ব্যালট উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যালটের মধ্যে ছিল ধানের শীষের ২টি, ‘হ্যাঁ’ ভোটের ২টি ও ‘না’ ভোটের ২টি সিলযুক্ত ব্যালট, সঙ্গে ২টি সিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে ছুটি শেষে শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী স্কুলে এলে বেলা ১১টার দিকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নবীউল শ্রেণিকক্ষ পরিষ্কার করতে গিয়ে আলমিরার সামনে সিলযুক্ত ব্যালট দেখতে পায়। তারা বিষয়টি প্রধান শিক্ষককে জানালে খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
এতে ধানের শীষ প্রতীকের সমর্থকরা বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে ইউএনও পপি খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সহস্রাধিক নারী-পুরুষ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। নারীরা ঝাড়ু উঁচিয়ে প্রতিবাদ মিছিল করেন এবং ইউএনওকে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ।
পরে পুলিশ ও স্থানীয় নেতাদের সহযোগিতায় ইউএনওকে বিদ্যালয় থেকে বের করে গাড়িতে তোলা হয়। তবে এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁর গাড়ি ভাঙচুর করে।
ইউএনও পপি খাতুন বলেন, তিনি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
