ক্রীড়া প্রতিবেদক
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষদিনেই ‘জরুরি কাজে’র কথা বলে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার দেশ ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বার্তা দিয়েছেন বলে একাধিক পরিচালক চ্যানেল-১৪’কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আমিনুল এর মধ্যেই দেশ ছেড়েছেন নাকি কখন ছাড়বেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
এক কর্মকর্তা বলেন, আজ রাতে আমিনুল দেশ ছাড়বেন বলে তথ্য পেয়েছি।
হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্তায় বিসিবি সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।
একই সঙ্গে তিনি জানান, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।
পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বুলবুল জানিয়েছেন, ‘ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।’
