১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার কাঠামো কেমন হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।
নতুন মন্ত্রিসভায় দলের তরুণ নেতাদের কতটা গুরুত্ব দেওয়া হবে এবং সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে কি না, তা নিয়েও চলছে নানা জল্পনা। বিভিন্ন মহলে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা দেখা যাচ্ছে। বিজয়ী প্রার্থীদের পক্ষে সমর্থকেরা প্রচার চালাচ্ছেন বলেও জানা গেছে।
তবে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে মন্ত্রিসভার আকার ও গঠন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন সরকার আগের সরকারের তুলনায় আকারে ছোট হতে পারে।
মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে ৩০ এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এতে সরকারের কাজ পরিচালনা সহজ হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে দলটি।
