নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় একটি ভোটকেন্দ্রে রাতের বেলায় ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত ১১ টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহুতোলা কেন্দ্রে রাতে ব্যালটে সিল মারার ছবি তোলার সময় আহত হন তিনি।
সিনিয়র সাংবাদিক শেখ জামাল বলেন, সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহুতোলা কেন্দ্রে রাতে ব্যালটে সিল মারার ঘটনা ঘটে। এ সময় সেই দৃশ্য ধারণ করতে গেলে জামায়াতের কর্মীরা সাংবাদিককে মারধর করে রক্তাক্ত করেন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
আহত সাংবাদিক ইসমাইল হোসেন টিটো বলেন, তিনি ভোটের অনিয়মের চিত্র ধারণ করতে গেলে তার ওপর হামলা করা হয়। এতে তার মুখ ও নাক দিয়ে রক্তপাত শুরু হয়।
ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত সাংবাদিককে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
