নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলনের মুখে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির সরকার।
শর্ত ও দর কষাকষিতে সমঝোতা না হওয়ায় আপাতত প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্দরটির দ্বায়িত্ব ‘বিদেশি প্রতিষ্ঠানের’ হাতে না দেওয়া নিয়ে প্রচণ্ড চাপ ছিল।
রবিববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে পরিচালনার বিরোধিতা করে শ্রমিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। আন্দোলনের চাপের মধ্যেই সরকার আপাতত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আশিক চৌধুরী বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় ও প্রক্রিয়া বর্তমান সরকারের হাতে নেই।
তিনি বলেন, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে উভয় পক্ষই শর্তগুলো পর্যালোচনা করেছে। তবে চুক্তি চূড়ান্ত করার আগে ডিপি ওয়ার্ল্ড আরও কিছু সময় চেয়েছে। এ বিষয়ে তাদের প্রস্তাব সরকার হাতে পেয়েছে।
বর্তমান সরকারের মেয়াদে চুক্তি হচ্ছে না কি না—এমন প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেন, সরকারের হাতে আর মাত্র দুদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি উপস্থাপন করা কঠিন।
ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও কেন সরকার আলোচনায় এগিয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, এটি কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নয়। অভিযোগ থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানটির সফলতা ও সুনাম রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে পরবর্তী সরকার চাইলে আলোচনা প্রক্রিয়া চালিয়ে যেতে পারে বলে মত দেন পিপিপির নির্বাহী চেয়ারম্যান।
তিনি বলেন, টার্মিনাল কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সমঝোতা হলে তবেই চুক্তি কার্যকর হবে। সরকার এখানে কেবল ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে।
