কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারত–বাংলাদেশ সম্পর্ক যখন বেশ উত্তপ্ত, ঠিক সেই সময় আইপিএল ২০২৬-এর মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি। তবে এই সিদ্ধান্তের পর থেকেই ভারতে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া, উঠেছে বয়কটের ডাক।
ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন দেশটির একাংশ ক্রিকেট সমর্থক। তাদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা বারবার সামনে আসছে, অথচ সেই প্রেক্ষাপটে একজন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টে সুযোগ দেওয়া ঠিক নয়। এই ইস্যুকেই কেন্দ্র করে অনেক ভারতীয় নাগরিক ও ধর্মীয় নেতার ক্ষোভ আরও বেড়েছে।
মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু ধর্মীয় নেতা কেকেআর ও দলটির মালিক শাহরুখ খানকে বয়কটের ডাক দিয়েছেন। কেউ কেউ ম্যাচের পিচ নষ্ট করার হুমকিও দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দিয়ে বলেন, মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে এলে তাকে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না।
মাঠের বাইরের এই উত্তেজনা নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো আইনি বা সরকারি নিষেধাজ্ঞা নেই।
ওই কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টির সংবেদনশীলতা বুঝি। কূটনৈতিক পরিস্থিতি এবং সামাজিক প্রতিক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে। সরকারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। তবে বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয় এবং বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের কোনো নির্দেশনা নেই। নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।”
বিসিসিআই আরও জানিয়েছে, ভিসা বা লজিস্টিক কোনো সমস্যাও হওয়ার কথা নয়। বোর্ড ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার নীতিতেই অনড় থাকতে চায়।
এর আগে আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তার বোলিং গড় ২৮.৪৫, ইকোনমি ৮.১৩। বিশেষ করে ডেথ ওভারে তার স্লোয়ার ও কাটার ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ। মুস্তাফিজকে নিয়ে চতুর্থবারের মতো আইপিএল শিরোপার স্বপ্ন দেখছে কেকেআর। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সিরিজ থাকায় টুর্নামেন্টের কিছু ম্যাচে তাকে না-ও পেতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
