আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঘোষিত গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিবৃতিতে জাসদ জানায়, তারা কোনোভাবেই ‘একপক্ষীয় ও একতরফা’ নির্বাচনে অংশ নেবে না। দলটির মতে, একটি অনির্বাচিত ও অসাংবিধানিক সরকারের তুলনায় নির্বাচিত সাংবিধানিক সরকার সব দিক থেকেই শ্রেয়।জাসদ উল্লেখ করে, নির্বাচনমুখী দল হওয়া সত্ত্বেও তারা আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে অসাংবিধানিক ও একতরফা মনে করছে। তাই এই প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ আচরণ করছে না। নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে সরকার একটি অসাংবিধানিক গণভোট এবং একপক্ষীয় সংসদ নির্বাচন আয়োজন করছে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে জাসদ। দলটির অভিযোগ, নির্বাচন কমিশন সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে গণভোট ও সংসদ নির্বাচনের নামে প্রহসন করছে।
