লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘুমন্ত সাত বছরের শিশু আয়েশা বেগমের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন বেলাল হোসেন নিজে এবং তাঁর দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ভাষ্য অনুযায়ী, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রাতে পরিবারের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরজুড়ে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় শিশু আয়েশা বেগম। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন ও তাঁর দুই মেয়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুই শিশু বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক এবং শরীরের বড় অংশ পুড়ে গেছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত হামলা। রাজনৈতিক বিরোধের জেরে সন্ত্রাসীরা গভীর রাতে বাড়িতে আগুন দিয়েছে। এতে একটি শিশুর প্রাণ গেছে এবং একটি পরিবার ধ্বংসের মুখে পড়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা নাকি অন্য কোনো কারণ, তা তদন্ত করে দেখা হচ্ছে।
